
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামীর এক কর্মীকে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া ওই জামায়াতকর্মীর নাম শাহ আলম। এ ঘটনায় শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যার হুমকি পাওয়া জামায়াত কর্মী শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। ব্যবসার খাতিরে তিনি পরিবার নিয়ে ভূরুঙ্গামারী সদরের দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার জনৈক জোবাইদুল ইসলামের বাড়ির নিচতালায় ভাড়া বাসা ভারা নিয়ে থাকেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কে বা কারা তার ভাড়া বাসার বেলকনিতে একটি চিরকুট রেখে যায়। সাদা রঙের সেই চিরকুটে লাল কালিতে পুতুল আকৃতির ছবির ওপর ইংরেজিতে লেখা ছিল আই কিল ইউ। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শাহ আলম ও তার পরিবার। আতঙ্কিত পরিবারের সদস্যরা যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।
শাহ আলম জানান, ব্যবসা ও একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন তিনি পাশাপাশি জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী বাসার বেলকনিতে একটি চিরকুট দেখতে পায়। সেই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে আই কিল ইউ লেখা ছিল। আমি তখন বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পথিমধ্যে নাগেশ্বরীতে পৌছলে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি এখবরে ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমারা আতঙ্কে আছি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটের বিষয়ে তদন্ত চলছে।
আরটিভি/এফএ




