
নেত্রকোনায় আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকা একটি গন্ধগোকুল উদ্ধার করেছে নেত্রকোনা বন বিভাগ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে এ গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতেরশ্রী এলাকায় রাস্তার পাশে আহত অবস্থায় একটি প্রাণিকে পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। পরে রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী, বন বিভাগের লোকজন ও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতরোশ্রী এলাকায় একটি গন্ধগোকুল রাস্তা পার হতে চায়। এ সময় নেত্রকোনা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মালভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। তাদের মধ্যে কেউ কেউ প্রাণীটিকে চিতাবাঘ আখ্যা দিয়ে লাঠি দিয়ে মেরে ফেলতে চাইলে উপস্থিত অনেকেই বাধা দেন।
স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধার গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কর্মকর্তাদের ধারণা, রাতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গন্ধগোকুলটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহত গন্ধগোকুলটিকে (মেছো বাঘটি) উদ্ধার করে। রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, বিলুপ্তপ্রায় গন্ধগোকুলটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করা হবে।
আরটিভি/এমএ




