
নামের শেষে ফকির উপাধি। ছোটবেলা থেকে কেউ সামনে কেউবা পেছনে- ফকির শব্দ নিয়ে নানা কথা শুনতে শুনতে বড় হতে হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির ছেলে ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকিরকে। কেউ কেউ বলেন শাহিন সর্দার। ছোটবেলা থেকেই স্বপ্ন ও দৃঢ়তা ছিল- একদিন গ্রামবাসী দেখতে আসবে এই শাহিন ফকিরকে। সেই জবাব দিতে ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে শেষে বুধবার নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে ফেরেন মো. শাহিন ফকির। মা-বাবার ইচ্ছে পূরণেই মূলত বউকে নিয়ে তার আসা।
শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি।
এদিকে এমন আয়োজনে এলাকার নানা পেশার ও বয়সী মানুষ ছুটে আসেন। এ যেন এক উৎসবমুখর আয়োজন। উচ্ছ্বসিত হন গ্রামবাসী, দোয়া করেন নব- দম্পতিকে।
বৃহস্পতিবারও এমন আয়োজন নিয়ে ছিল আলোচ্য বিষয়। ধানক্ষেতের মাঝে তৈরি করা হলো হেলিপ্যাড। দুই সপ্তাহ ধরে এমন প্রস্তুতি চলছিল। প্রশাসনকে জানানো, গ্রামবাসীদের দাওয়াত দেওয়া, বাড়িঘর পরিপাটি করা, রাস্তাঘাট ঠিক করা আরও কত আয়োজন। গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এমন আয়োজনের কথা। এ যেন গ্রোমের চা স্টলের আলোচ্য বিষয়। কেউ বলেন, বাপের-বেটা শাহিন দেখিয়ে দিল। কেউ দিলেন বাহবা। নানাজনের না কথা নিয়েও রয়েছে নানা প্রচারণা।
ব্যতিক্রমী এই আয়োজনটির জন্য ছিল টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়িতে। শাহীন তার বউ নিয়ে বাড়ি আসবেন। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ে আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরতে দামি হেলিকপ্টার ব্যবহার করেন বর-কনে। ব্যবহারে নিতে হয় প্রশাসনিক অনুমতি। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় খুশি শাহিন ও তার পরিবারের সদস্যরা।
নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’ গ্রামের মানুষও এতে খুশি হন। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা।
আরটিভি/এমএইচজে



