
গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার টয়লেটের ভেতর থেকে হাবিবুল্লাহ (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ ওই মাদরাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিলেন।
পরিবার, পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে যশোর জেলার কেশবপুর থানার বাইজেতপুর এলাকা থেকে আব্দুল হামিদ তার স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে ইমামতি শুরু করেন। তার দুই ছেলে-মেয়ে। তার মধ্যে হাবিবুল্লাহ অন্যতম।
আজ বিকেল তিনটার দিকে শিক্ষকের কাছে বলে টয়লেটে যান হাবিবুল্লাহ। এরপর ঘন্টা পার হয়ে গেলেও তাকে না পেয়ে শিক্ষক ও বাকি শিক্ষার্থীরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে টয়লেটের দরজা ভাঙা হলে দেখা যায়, একটি পাইপের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি দিয়ে হাবিবুল্লাহ ঝুলে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/আইএম


