
ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার মো. তামিম (২২) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মো. নুর নবী পণ্ডিতের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত গণমাধ্যমকে বলেন, ভোলার তজুমদ্দিন উপজেলায় টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে গত ১০ জানুয়ারি মো. শাকিল নামে এক যুবককে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে মো. তামিম। এ ঘটনার পরদিন (১১ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। এরপর থেকে মো. তামিম আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহত শাকিলের বাবা ইউনুছ বাদী হয়ে তামিমকে আসামি করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ভোলা র্যাব ক্যাম্পের গোয়েন্দা দল আসামি তামিমকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঘটনার মূলহোতা মো. তামিমকে ভোলা র্যাব ক্যাম্প ও র্যাব-১ এর একটি দল ঢাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম



