
চুয়াডাঙ্গায় পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে এবং গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায়। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন (২৮)। স্থানীয় সূত্র জানায়, এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তাদের আটক করা হয়। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রকাশ্যে চুল কাটা, গলায় জুতার মালা পরানো এবং গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনার সময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং কেউ কেউ ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
ঘটনার খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেয়। দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, আইনের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজের হাতে বিচার করার অধিকার নেই। অপরাধের বিচার দেশের আইন ও আদালতের মাধ্যমে হবে। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বলেন, সামাজিকভাবে কাউকে অপমান করার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবেন।
এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সতর্কতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/এসকে


