
কেরানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টের পাশে ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমানের (২৫) গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
মিঠু নামে এক সহকর্মী আরমানকে হাসপাতালে যান। তিনি বলেন, ট্রাকটি নয়াবাজার এলাকার। পাঁচ জন শ্রমিক ট্রাক নিয়ে কেরানীগঞ্জের একটি কার্টনের গোডাউন থেকে মালামাল আনতে যান। রাত ৩টার দিকে ঝিলমিল প্রজেক্ট এলাকার ঢালু রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সবাই কম-বেশি আহত হন।
মিঠু আরও বলেন, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুই শ্রমিককে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
আরটিভি/আইএম



