
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নাইম হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় নিহতের খালাতো ভাই আজিজুল গুরুতর আহত হন। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নাইম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। আহত আজিজুল (২২) নাগেশ্বরীর উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাইম ও আজিজুল দুজনে মোটরসাইকেলে রামখানার নাখারগঞ্জ বাজার থেকে নাগেশ্বরী যাওয়ার পথে সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের কাছে বাঁক নিতে গিয়ে সড়কের পাশের একটি ইউকেলিপ্টাস গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়।
স্থানীয়রা আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এমআই


