
নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির সাত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একইসঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান যোগদান করা এনসিপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের র্নিবাচনি উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।
বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্বপন ডাক্তারের বাড়িতে উঠান বৈঠক করে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহ্বান জানান তিনি। একইসঙ্গে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটনকেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন এনসিপির ৭নং ওয়ার্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। এখন থেকে ধানের শীষের পক্ষেই কাজ করবেন।
এ বিষয়ে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, এই কমিটিটি অকার্যকর ছিল। অনেক দিন পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। তারা কোনও দলে যোগদান করেছে কি না আমার জানা নেই।
আরটিভি/এমএইচজে


