নরসিংদীতে ২ পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, ঝরল স্কুলছাত্রের প্রাণ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৭ পিএম


নরসিংদীতে ২ পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, ঝরল স্কুলছাত্রের প্রাণ
এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ছবি: আরটিভি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গুলিতে মুস্তাকিম মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন এরশাদ মিয়া। এই বিরোধে অতীতেও একাধিক সংঘর্ষে নারীসহ অন্তত আটজন গুলিতে নিহত হন এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়নার গুলিতে মুস্তাকিম গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা শাহানা বেগম বলেন, আমরা কোনো পক্ষের নই। আমার ছেলেকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিজ্ঞাপন

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর মুস্তাকিমকে মৃত ঘোষণা করা হয়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আরটিভি/এমএইচজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission