
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




