প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহল আমিন দুলাল। তিনি সেচ সংকট মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি নাব্যতা হারানো বহেরাতলা বাজার থেকে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। বর্তমান সরকারের আমলে যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংসদ সদস্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম



