
মাগুরায় জমকালো আয়োজনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়ানী পূজা।
ষষ্ঠির চন্ডি পাঠের মধ্য দিয়ে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া পূজা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
পাঁচ দিনব্যাপী এই পূজা উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর সেজেছে এক অন্য রকম রুপে। জেলায় মোট ১০২ টি মন্ডপে জমকালো আয়োজনে এই পূজা শুরু হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২১টি, সদর থানা এলাকায় (পৌরসভা ব্যতীত) ৩১টি, শ্রীপুর থানা এলাকায় ১১টি, মহম্মদপুর থানা এলাকায় ১৫টি এবং শালিখা থানা এলাকায় ২৪টি মন্ডপে এই কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের উৎসবের সবচেয়ে বড় ও বিশেষ আকর্ষণ হলো ১ হাজার ২০০ বাঁশের তৈরি একটি বিশাল ও দৃষ্টিনন্দন তোরণ (গেট)। শৈল্পিক কারুকাজে নির্মিত এই গেটটি মাগুরার কাত্যায়ানী পূজার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাতের ঝলমলে আলোকসজ্জায় তোরণটি আরও মোহনীয় রূপ ধারণ করে, যা একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন লাখো দর্শনার্থী।
এশিয়া মহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ঐতিহ্যবাহী এই কাত্যায়ানী পূজা উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মাগুরায়। উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা মন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে মোট ৮১৩ জন সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বক্ষণিক নজরদারির জন্য শহরের প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইতিহাসের পাতায় মাগুরার কাত্যায়ানী পূজার ইতিহাস- স্থানীয়দের তথ্যমতে, ১৯৫০ সালে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝি নিজ বাড়িতে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। কালের পরিক্রমায় যা আজ মাগুরার সর্বজনীন ও ঐতিহ্যবাহী এক বিশাল উৎসবে পরিণত হয়েছে।
আরটিভি/এমএইচজে


