অপরিপক্ব আম বাজারে আনলে কঠোর ব্যবস্থা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১১ মে ২০২৬ , ০৭:২৪ পিএম


অপরিপক্ব আম বাজারে আনলে কঠোর ব্যবস্থা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমেও আম পাড়া ও বাজারজাতকরণে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেনি জেলা প্রশাসন। ফলে আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। তবে অপরিপক্ব আম বাজারে আনা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা’ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় অংশ নেওয়া আমচাষি, গবেষক ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া ও আমের জাতভেদে পরিপক্ব হওয়ার সময় আলাদা হয়। এ কারণে নির্দিষ্ট সময় বেঁধে দিলে অনেক সময় কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়। তাদের মতামতের ভিত্তিতে এবারও আম পাড়া ও বাজারজাতকরণে নির্দিষ্ট সময়সীমা না রাখার সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিপক্ব আম বাজারজাতে কোনো বাধা থাকবে না। তবে কাঁচা বা অপরিপক্ব আম বাজারে আনার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিষমুক্ত আম উৎপাদন, নিরাপদ বাজারজাতকরণ, সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং সঠিক মূল্য ও ওজন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। 

বক্তারা বলেন, গুণগত মান বজায় রেখে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম আরও বাড়াতে হবে।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর জেলায় প্রায় ৪ লাখ ৫৮ হাজার ১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission