হাট থেকে ১৭ বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:০২ পিএম


হাট থেকে ১৭ বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত
বন্যপাখি উদ্ধারের পর অবমুক্ত করেছেন বন অধিদপ্তরের কর্মকর্তা : ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অভিযান চালিয়ে ১৭টি বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। 

শুক্রবার (৫ জুন) জেলার ফতুল্লা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ১৭টি বন্যপাখি উদ্ধার করা হয়। 

উদ্ধার পাখিগুলোর মধ্যে ছিল কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু।

এ সময় পাখিগুলোর স্বাস্থ্য ও উড়তে সক্ষমতা পরীক্ষা করে যেসব পাখি সুস্থ ও উড়তে সক্ষম ছিল, সেগুলোকে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বন্যপাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিগুলো সুস্থ থাকায় সেগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপাখি সংরক্ষণে গুরুত্ব দিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে অধিকাংশ বন্যপাখির ক্রয়-বিক্রয়, প্রদর্শন, দখল ও বাণিজ্যকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বন অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে ফতুল্লা বাজারসহ অন্য কোনো স্থানে কেউ বন্যপাখি শিকার, বিক্রি, ক্রয়-বিক্রয় বা অবৈধভাবে দখলে রাখার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফতুল্লার এই হাটে এর আগেও একাধিকবার বন্যপ্রাণী বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বন্যপাখি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনের আওতায় অধিকাংশ বন্যপাখির অবৈধ দখল, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাণিজ্য আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সকল নাগরিককে বন্যপাখি ও অন্যান্য বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission