মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় সাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, রোববার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছিলেন সৌরভ ও নাঈম নামের দুই যুবক। পথিমধ্যে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন সাব্বির আহমেদ নামে আরও একজন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম



