পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং মাদকসহ সাতজনকে আটক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর পূর্ব পাড়ার ইকবাল হোসেন ইমন (৩১), ভবানীপুর রতনপুরের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদীর কাঠালবাড়ি এলাকার সজীব (২৭), জয়নগর এলাকার তুষার ইমরান (৩৩) এবং আওতাপাড়ার জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।
পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযানে মাদকও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইকবাল হোসেন ইমন উদ্ধার হওয়া অস্ত্রটি নিজের হেফাজতে থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, এটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
আরটিভি/এমএইচজে



