বাবা-মায়ের সঙ্গে অভিমান করে খেলনা ও টাকা নিয়ে পালাল শিশু

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৭:২৩ পিএম


বাবা-মায়ের সঙ্গে অভিমান করে খেলনা ও টাকা নিয়ে পালাল শিশু
ছবি: সংগৃহীত

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি টাকা ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর এক শিশুকে (৮) মাদারীপুর সদর হাসপাতাল থেকে উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৮)।

জানা গেছে, বুধবার (১৫ জুলাই) মাদারীপুরের শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘুরে বেড়াতে দেখে জেলা সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। পরে তিনি বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে নিরাপদ হেফাজতে নেন।

পরে তার ব্যাগ তল্লাশি করে শিশুটির খেলনার পাশাপাশি ব্যাগে থাকা নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এরপর আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে বিষয়টি জানান। তিনি জেলা হাসপাতালে গিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

শিশুটির বাবা সুমন জমাদ্দার সাংবাদিকদের বলেন, ছেলেকে হারিয়ে পরিবারের সবাই পাগল হয়ে গিয়েছিলাম। হাসপাতালের আনসার সদস্যরা উদ্ধার না করলে আমার ছেলে হয়ত আরও দূরে কোথাও হারিয়ে যেত। ছেলেকে ফিরে পেয়ে আমাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটিকে ও তার সঙ্গে থাকা অর্থ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্তানদের প্রতি বাবা-মাকে আরও দায়িত্বশীল হওয়ারও অনুরোধ জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission