
লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৮ আগস্ট) ভোর রাতে উপজেলার আলেকজান্ডার বাজারের পশ্চিম গলিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ৯টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দোকানগুলো টিনশেড ও অনেকটা ফাঁকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, সেলুন, ফার্মেসি, হোটেল ও প্লাস্টিকের দোকান।
রামগতি ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে ৯টি দোকানে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরটিভি/আইএম




