
কুষ্টিয়ায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
১৫ আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ।
পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন।
তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর



