
শরিয়তপুরে চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করা তিন কিলোমিটার সড়ক দুই মাসের মধ্যেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার (১৫ আগস্ট) সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা সড়কের নির্মাণকাজের মান যাচাই, অনিয়মের অভিযোগ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলাকালে কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও তা যথাযথভাবে তদারকি করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলীদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্মাণকাজে অনিয়ম করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, জনগণের অর্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার দুই মাস না যেতেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। কোথাও কোথাও ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এত অল্প সময়ে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক নয়। তাই নির্মাণসামগ্রীর মান, কাজের পরিমাণ ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় ইমামুল হক বেপারি বলেন, ‘সড়কটি সংস্কারের পর আমরা ভেবেছিলাম দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। কিন্তু দুই মাস না যেতেই বিভিন্ন জায়গায় পিচ উঠে গর্ত হয়ে গেছে। এত টাকা খরচ করে করা কাজ যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে এর দায় কে নেবে?’
শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাকার মাথা থেকে আটং তিন রাস্তার মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সিফাত এন্টারপ্রাইজ। কাজটির ব্যয় ধরা হয় প্রায় চার কোটি টাকা এবং মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। গত জুনে সংস্কারকাজ শেষ করে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর পরপরই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পৌরসভা সূত্রটি আরও জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান সিফাত এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি নিয়ে বাস্তবায়ন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম জাকির হোসেন।
তবে এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার এইচএম জাকির হোসেন। তিনি বলেন, ‘সড়ক সংস্কারে কোনো অনিয়ম করা হয়নি। যেভাবে কাজের নকশা ও প্রাক্কলন ছিল, সেভাবেই কাজ করা হয়েছে। টানা বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের সামান্য কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো ঠিক করে দেওয়া হবে।’
সড়ক সংস্কারকাজের তদারকির দায়িত্বে থাকা শরীয়তপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মামুন গাজী বলেন, ‘সড়কটি সংস্কারের পরপরই টানা কয়েক দিন ভারী বৃষ্টি হয়েছে। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনরায় সংস্কার করা হবে।’
স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিপুলসংখ্যক মানুষ এবং যানবাহন জেলা শহরে যাতায়াত করে। তাই ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের পাশাপাশি পুরো সংস্কারকাজের গুণগত মান যাচাই করা প্রয়োজন।
আরটিভি/ এসকেডি


