
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে নগরীর নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নাফিসা রাস্তা পার হওয়ার সময় ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পড়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইপিজেড থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরটিভি/টিআর


