
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ২টার দিকে শহরের সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষক রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে ওই শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার ও শারীরিক প্রহার করছিলেন। দীর্ঘদিনের এই নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
রোববার সকালে শিশুটি ওই শিক্ষকের অনৈতিক দাবি ও কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটির শরীরেও নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৩৩)।
ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সার্বিক সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরটিভি/এসএস




