
চলতি পাইলটিং কর্মসূচির ইতিবাচক প্রতিক্রিয়া বজায় থাকলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের নিয়মিত কর্মশালা শেষে সাংবাদ ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কর্মসূচির পাইলটিং টেস্ট চলছে এবং সার্বিক রেসপন্স অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, পাইলটিংয়ের ফলাফলের ওপর নির্ভর করেই আমরা পুরোদমে কর্মসূচি শুরু করব। সোমবার (৩১ আগস্ট) দিনাজপুরে এই পাইলটিংয়ের ওপর একটি কর্মশালা রয়েছে, সেখানে নতুন কিছু তথ্য আসবে। তবে কোনো ত্রুটি ধরা পড়লে সামান্য দেরি হলেও ২০২৭ সালের মধ্যেই বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী কমে বা বাড়ে—সেটি মূল মাথাব্যথা নয়। আমাদের মূল নজর হলো প্রতিটি শিশু স্কুলে যাচ্ছে কি না এবং তারা সঠিকভাবে শিক্ষা লাভ করছে কি না।
সরকারের দায়িত্বের পরিধি স্পষ্ট করে তিনি বলেন, সরকার কেবল সেবা প্রদানকারী সংস্থা নয়, বরং প্রতিটি নাগরিক সঠিক সেবা পাচ্ছে কি না তা নিশ্চিত করাই সরকারের কাজ। যেখানে অন্য উপায়ে শিক্ষার সুবিধা মিলবে না, সেখানেই সরকার নিজে সরাসরি বিদ্যালয় ও সেবার ব্যবস্থা করবে। প্রয়োজন ফুরিয়ে গেলে অবকাঠামো ধরে রাখার প্রয়োজন নেই।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকার দুটি নির্দিষ্ট বিষয়ে কোনো আপস করবে না বলে জানান প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা। প্রতিটি প্রতিষ্ঠানে সঠিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা।
এর আগে, দুপুরে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন তিনি।
আরটিভি/এমএম

-1790135980-405383_1790136034.jpg)
