
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন নগরীর আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়েছিলেন মোস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা মোস্তাকিনের পিঠ ও কোমরে ছুরিকাঘাত করে। কোমরে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। হামলার কারণ জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
আরটিভি/এমএইচজে




