
মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসারুল মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার সাত্তার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাসারুল মোল্লা নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে ধানের মিলে ধান ভাঙানোর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মাগুরা সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সওজ বিভাগের একটি দ্রুতগতির পানি বহনকারী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ স্থানীয় জনতা পানি বহনকারী ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




