
অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বেড়ে প্রতি বছরের মতো এবারও নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার চরাঞ্চলের প্রায় ৩৭ গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে রাস্তা, ঘাট ও ফসলি জমি।
এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে পাঠদান। এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। বিশেষ করে করে শিশু ও গবাদিপশু নিয়ে পরিবারগুলোর ভোগান্তি বেড়েছে। খাদ্য সংকটের আশঙ্কার সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। বর্তমানে সেখানে পানি বিপৎসীমার চেয়ে ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই তিন দিনের মধ্যে পানি কমবে বলে ধারণা করছেন তারা। তবে পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে- সেই আতঙ্কে দিন কাটছে এসব এলাকার মানুষের।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, এই এলাকা চরাঞ্চল। প্রতিবছরই পদ্মায় পানি বাড়লে এই এলাকায় পানি ঢুকে পড়ে। এ বছর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টির নিম্নাঞ্চলের ঘর বাড়ির উঠানে পানি উঠে গেছে। এতে দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারির প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
আরটিভি/এমএইচজে




