
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুরের মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামের দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে দুটি স্পটে দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়। পাশাপাশি আনুমানিক ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/টিআর


