
সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ গাজী (৬৫) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বসুন্ধরা এলাকার বাসিন্দা ও পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগতির বাস শাকদাহ এলাকা দিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও আব্দুল মজিদ গাজী সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, বয়সের ভার সত্ত্বেও পরিবারের জীবিকা নির্বাহের জন্য আব্দুল মজিদ গাজী নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করতেন।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম




