ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের নৃশংস পরিণতি: প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে খালের পানিতে সুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভাসমান দ্বিখণ্ডিত ও অর্ধগলিত নারীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ে নিয়ে বিরোধ ও পূর্বের ক্ষোভের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। পরে পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশ্যে তার লাশ কোমর থেকে দ্বিখণ্ডিত করে একাংশ সুটকেসে এবং অন্য অংশ প্লাস্টিকের বস্তায় ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের প্রেমিক মিশন ইসলাম (২২), তার মা বানু আক্তার (৪৩) এবং সহযোগী মিজানুর রহমান মিল্টনকে (২৪) গ্রেপ্তার করেছে পিবিআই। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের রাজদীঘির উত্তর পাড়ে পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পুলিশ জানায়, ডলি আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর বিকেলে জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকার হামজা অ্যাপারেলস লিমিটেডের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের একটি খালে সুটকেস ও প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস ও বস্তার ভেতর থেকে এক নারীর খণ্ডিত ও অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিবিআই গাজীপুর জেলা স্বতঃপ্রণোদিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের মাধ্যমে শুরু হয় অনুসন্ধান।

তদন্তের একপর্যায়ে নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনাও উদ্ঘাটন করে পিবিআই।

৫ বছরের প্রেম, বিয়ে নিয়ে বিরোধ

পিবিআইয়ের তদন্ত ও আসামিদের আদালতে দেওয়া জবানবন্দির বরাতে জানা গেছে, ডলি আক্তারের সঙ্গে মিশন ইসলামের প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একই গার্মেন্টসে চাকরির সুবাদে তাদের পরিচয় হয়। ডলি নিয়মিত মিশনের ভাড়া বাসায় যাতায়াত করতেন।

পুলিশের দাবি, গত ৮ সেপ্টেম্বর রাতে ডলি মিশনের ভাড়া বাসায় যান। সেখানে মিশন, তার মা বানু আক্তার ও ডলি একসঙ্গে রাতের খাবার খান। পরে বানু আক্তার পাশের কক্ষে ঘুমাতে গেলে মিশন ও ডলি একই কক্ষে থাকেন।

পিবিআই জানায়, পূর্বের বিভিন্ন বিষয় ও বিয়ে নিয়ে বিরোধের জেরে মিশনের মধ্যে ডলির প্রতি ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন মিশন।

যেভাবে হত্যা

আসামির জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, ওই রাতে ডলিকে ঘুমের ও অ্যালার্জির ওষুধ খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়ার পর রাত আনুমানিক ২টার দিকে মিশন লুঙ্গি দিয়ে তার গলায় পেঁচিয়ে এবং পরে বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন।

এরপর লাশটি চৌকির নিচে লুকিয়ে রাখা হয়। পরদিন সকালে ঘর পরিষ্কার করার সময় বানু আক্তার চৌকির নিচে ডলির লাশ দেখতে পান। পরে লাশ গুমের পরিকল্পনা করা হয়।

মিশন একটি সুটকেস সংগ্রহ করেন। কিন্তু পুরো লাশ সুটকেসে না ধরায় ব্লেড ও বঁটি-দা দিয়ে কোমর থেকে লাশ দ্বিখণ্ডিত করা হয় বলে তদন্তে উঠে এসেছে। লাশের একাংশ সুটকেসে এবং অপরাংশ পলিথিনে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় রাখা হয়।

এরপর মিশন তার বন্ধু মিজানুর রহমান মিল্টনকে বাসা পরিবর্তনের কথা বলে ডেকে আনেন। মিল্টন এসে সুটকেস ও বস্তা অটোরিকশায় তুলে দিতে সহযোগিতা করেন।

পিবিআই জানায়, পরে মিশন, তার মা বানু আক্তার ও মিল্টন মিলে সুটকেস ও বস্তা নিয়ে প্রথমে রাজেন্দ্রপুরে যান। সেখান থেকে সিএনজি অটোরিকশায় ভবানীপুর এলাকায় যান তারা।

পরে ভবানীপুর ব্রিজ এলাকার কাছ থেকে মিশন ও মিল্টন সুটকেস ও বস্তা খালের পানিতে ফেলে দেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, এ সময় মিল্টনের হাতে রক্ত লাগলে সুটকেস ও বস্তার ভেতরে কী রয়েছে জানতে চান তিনি। একপর্যায়ে মিশন তাকে জানান, সেখানে তার প্রেমিকা ডলি আক্তারের লাশ রয়েছে। এরপর তারা নিজ নিজ বাসায় ফিরে যান।

নিহতের বড় ভাই সোহেল (৪৪) গত ১২ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন।

মামলাটি তদন্তে নিয়ে পিবিআই দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত করে। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন বাহাদুরপুর তুলসীভিটা এলাকার একটি ভাড়া বাসা থেকে মিজানুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক একটি ভাড়া বাসা থেকে মিশন ইসলাম ও তার মা বানু আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, আসামিদের দেওয়া তথ্য ও তাদের দেখানো মতে মিশনের ভাড়া বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি দা, লাশ প্যাকেজিংয়ে ব্যবহৃত স্কচটেপের অবশিষ্টাংশ, নিহত ডলি আক্তারের জাতীয় পরিচয়পত্র, ব্যবহৃত বাটন মোবাইল ফোন ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সুটকেস কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, লাশটি অজ্ঞাত ও অর্ধগলিত অবস্থায় থাকায় শুরুতে মৃতের পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। তবে পিবিআইয়ের ক্রাইমসিন বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের সমন্বিত ব্যবহারের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, তদন্তে পাওয়া আলামত, প্রযুক্তিগত বিশ্লেষণ, পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ এবং আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে হত্যাকাণ্ডের ধারাবাহিকতা স্পষ্ট হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার তিন আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
আরও পড়ুন
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা