
ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি সাধারণ খাতের বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। তাই বরাদ্দের অর্থ ব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
এদিকে, হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উন্নয়ন সহায়তা হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকালে রাংড়া পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিকেলে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব সহায়তা বিতরণ করেন।
বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে সরকারি সহায়তা আরও জোরদার করা হয়েছে।
অন্যদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে



