
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮জনকে আটক করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মাহাবুব আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, রাঙামাটি পৌরসভার বিভিন্ন চালিয়ে কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমকে আটক করা হয়। পুলিশের দাবি, তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাহাবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে।
এছাড়া মাদক কারবারির অভিযোগে মো. মানিক উদ্দীন, মো. আকবর আলী, মো. জুয়েল ও মো. সিদ্দিকুর বাবুকে আটক করা হয়। অন্যদিকে, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানাকে এবং মাদক সেবনের অভিযোগে মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মো. আবুল কালামকে।
রাঙ্গামাটি কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানিয়েছেন, রাঙ্গামাটি শহরে পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএম


