
টানা ৪১ বছর একই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে মো. আবু তাহেরকে (৬৫)। দীর্ঘদিনের প্রিয় এই মুয়াজ্জিনকে সম্মাননা জানানোর পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে বিদায় দেন মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা রংপুর নগরীর গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদ প্রাঙ্গণে আবু তাহেরের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের পরিচিত মানুষটির বিদায়ে অনেকের চোখে পানি দেখা যায়।
জানা গেছে, আবু তাহের ৪১ বছর ধরে গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার পাশাপাশি মসজিদের বিভিন্ন দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠের আজান শুনেই নামাজের জন্য মসজিদে ছুটে আসতেন এলাকার মানুষ।
বিদায়ী সংবর্ধনা শেষে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসানো হয়। পরে মুসল্লি ও এলাকাবাসী ঘোড়ার গাড়ির সঙ্গে থেকে গুপ্তপাড়া এলাকা প্রদক্ষিণ করেন। ব্যতিক্রমী এ বিদায়যাত্রা দেখতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়।
মসজিদের সেক্রেটারি মমতাজ জাহির আহমেদ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে আবু তাহের অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন সৎ ও নিষ্ঠাবান মুয়াজ্জিনকে বিদায় দিতে গিয়ে তাদের কষ্ট হচ্ছে। তার বাকি জীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন তিনি।
মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা রবিউল ইসলাম বলেন, প্রায় ২৭ বছর ধরে তিনি এই মসজিদে দায়িত্ব পালন করছেন। এর দীর্ঘ একটি সময় আবু তাহেরকে পাশে পেয়েছেন। অসংখ্য নামাজ, আজান ও স্মৃতির সঙ্গে তিনি জড়িয়ে আছেন। তাকে বিদায় দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
আবু তাহেরের স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন হাফেজ মো. মেরাজুল ইসলাম (২০)। তিনি বলেন, আবু তাহের চাচা যেভাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন, তা তার জন্য অনুপ্রেরণার। তিনিও একদিন একইভাবে সম্মানের সঙ্গে মসজিদ থেকে বিদায় নিতে চান।
এদিকে দীর্ঘদিনের দায়িত্ব পালন ও অসুস্থতার কারণে আবু তাহেরের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয় তাকে।
বিদায়ী মুয়াজ্জিন আবু তাহের বলেন, ৪১ বছর এই মসজিদে দায়িত্ব পালন করেছেন। মসজিদ ও এখানকার মানুষ তার জীবনের একটি অংশ হয়ে গেছে। বিদায়ের সময় সবাই যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
আয়োজকরা জানান, ৪১ বছরের দীর্ঘ দায়িত্বের সমাপ্তিকে স্মরণীয় করে রাখতেই ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় জানানোর উদ্যোগ নেওয়া হয়। তাদের কাছে এটি শুধু একজন মুয়াজ্জিনের বিদায় নয়, বরং দীর্ঘদিন মানুষের ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত থাকা একজন প্রবীণের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর আয়োজন।
দীর্ঘ ৪১ বছর যে কণ্ঠে গুপ্তপাড়ার মানুষ নামাজের আহ্বান শুনেছেন, সেই কণ্ঠের নিয়মিত আজান এখন আর শোনা যাবে না। তবে ব্যতিক্রমী এই বিদায় আয়োজনের মধ্য দিয়ে আবু তাহেরের দীর্ঘ দায়িত্ব পালনের স্মৃতি স্থানীয় মানুষের মনে আরও গভীর হয়ে রইল।
আরটিভি/এসকে




