
ফরিদপুরের সদরপুরে মোছা. মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মীম আক্তার একই ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীমের মা শিল্পী আক্তার জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিনি মেয়েকে নিয়ে পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার সকালে মেয়েকে বাসায় একা রেখে তিনি কাজে বের হন।
দুপুরে কাজ শেষে বাসায় ফিরে শিল্পী আক্তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘরের আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় মীমকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/টিআর




