
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি গ্রামের পলাশ (১৯) ও তার স্ত্রী মনি রানী (১৮) নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ ও মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হুমায়ুন কবির (১৩)। সে গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সাইকেলে করে বাজারে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর



