
চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। গৃহ পুনর্নির্মাণ ও পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম জেলার সবচেয়ে বেশি বন্যাকবলিত উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী অন্যতম। সাম্প্রতিক বন্যায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে এবং ৪ হাজার ৫১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক জানান, এর আগেও বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর নির্মাণ ও পুনর্বাসনের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের প্রতিটি উপজেলাতেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ঘর পুনর্নির্মাণের অংশ হিসেবে জেলা পরিষদ প্রতিটি উপজেলাতেই এ ধরনের সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।
মাহবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য নগদ আর্থিক সহায়তার ভীষণ প্রয়োজন। জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকভাবে কাজ করছে এবং পরিবারগুলোকে দ্রুত পুনর্গঠন ও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগকবলিত মানুষের পুনর্বাসনে সার্বিক সহায়তার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। মানুষের দুর্দিনে জেলা পরিষদ সবসময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিয়ে যাবে। সূত্র: বাসস
আরটিভি/আইএম



