
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী কিশোরী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। একই সঙ্গে কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম (কচি)কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আরটিভি/এসকে


