
নওগাঁয় গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে এই আটকের ঘটনা ঘটে।
আটকরা আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ জানান, জেলায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত হিসেবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয় এবং খবর পেয়ে ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।
তিনি বলেন, নওগাঁ জেলাকে শান্ত রাখতে ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব আটকের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই দ্রুত অভিযান চালিয়ে বলিহার ব্রিজ এলাকা থেকে ওই ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। যার ধারাবাহিকতায় এই ১১ নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে




