
শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পালেরচর গরম বাজার এলাকার জোড়াব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় জোড়াব্রিজ এলাকায় বেশ কয়েকজন যুবক সমবেত হন। একপর্যায়ে সেখানে কেক কেটে জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল করার অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে আয়োজকরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/টিআর




