
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় আসে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দুই পাড়ে ভিড় করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা এলে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
আরটিভি/টিআর




