
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মো. ফখরুল ইসলাম (৪২) নামে ওই পুলিশ সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
মৃত ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে এএসআই ফখরুল ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সিআইডিতে পোস্টিং হয়। এর আগে, তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এএসআই মো. ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আরটিভি/এমএ


