
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। এছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করার ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়কে পর্যায়ক্রমে কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম নিয়ে ইতিবাচক আলোচনা করেন এবং শিক্ষার আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, অভিভাবক সদস্য মো. শাহিন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদ। এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে



