
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা বাসের ধাক্কায় আব্দুস সামাদ নামে (৪৫) এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরেক ব্যক্তি আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছে আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বাসটি আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


