
চারদলীয় জোট সরকারের আমলে ঝিনাইদহে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকা ব্যয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের সময় তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক বঞ্চনার কারণে এসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। কিছু প্রকল্প চালু হলেও জনবলের অভাবে সেবা পাচ্ছে না জনগণ। আবার কিছু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার ৯ মাস পার হলেও এসব প্রকল্প চালুর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে আমলাতান্ত্রিক বাঁধা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত এমপি মসিউর রহমানের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকার ট্রমা হাসপাতাল প্রকল্পটি ১৩ বছর ঝুলে থাকার পর বাতিল হয়। ২০০৮ সালে গ্যাস পাইপলাইন বসানো হলেও ১৮ বছরেও বাসাবাড়ি বা শিল্পকারখানায় গ্যাস যায়নি। বাতিল হয়েছে খাবার স্যালাইন ফ্যাক্টরি ও সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) প্রকল্পও।
এদিকে শৈলকুপার দুধসর ও কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদরের দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো নির্মাণের ৮ বছর পরও তালাবদ্ধ পড়ে আছে। দামি যন্ত্রপাতি ও ভবন থাকলেও জনবলের অভাবে সেগুলো নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হাটগোপালপুর ২৫ শয্যার হাসপাতালের জমি অধিগ্রহণ হলেও কাজ এগোয়নি। জনবল সংকটে ভুগছে ম্যাটস, চক্ষু হাসপাতাল, সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো; সিভিল সার্জন অফিসে আটকে আছে ১৫৫ পদের নিয়োগ।
শিক্ষা ও যোগাযোগ খাতেও স্থবিরতা রয়েছে। সরকারি কেসি কলেজের জিয়া ছাত্রাবাস ১৬ বছর ধরে পরিত্যক্ত থাকায় আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। আর বৃহত্তর যশোর প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়কের কাজ একনেকে পাস না হওয়ায় শুরু হয়নি।
সচেতন নাগরিক সিরাজুল হক বলেন, জেলার আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উচ্চপর্যায়ে রয়েছেন; বাতিল হওয়া প্রকল্প ও স্থাপনাগুলো সচলে তাদের উদ্যোগ নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, প্রতিষ্ঠানগুলো চালু, জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে এসব প্রতিষ্ঠান দ্রুত প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদী।
আরটিভি/এমএম


