
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাঈদ হাসান মিঠুকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। একই সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে কুপিয়ে জখম করে চলে যায় তারা।
হামলা শেষে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।
আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, এলাকার একদল সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি; তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/ এসকেডি




