
খুলনার পাইকগাছায় নেশার টাকা না দেওয়ায় শহীদ গাইন (৫৫) নামে এক ভ্যক্তির মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আমিন গাইনকে (২৩) আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহীদ গাইন তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিন গাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য তিনি প্রায়ই মা-বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা ঘটত। শনিবার সকালে নেশার টাকা চাওয়া নিয়ে বাবার সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে শহীদ গাইনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শহীদ গাইনের পরিবারের অভিযোগ, নেশার টাকা না দিলে আমিন মা-বাবাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান ও নির্যাতন করেন। এমনকি একপর্যায়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। ছেলের এমন আচরণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তার মা-বাবা।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর শনিবার দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালান। এ সময় বাড়ি থেকে আমিন গাইনকে আটক করা হয়। তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগের পর অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে


