
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তারে আটকে থাকা কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোলেমন আলী ওই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।
জানা গেছে, সকালে গৃহপালিত গবাদিপশু নিয়ে চরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা একটি কাঁচা বাঁশে ভুলবশত তার হাত লাগে। এতে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে


