
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্ট’ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার উদ্দেশ্যে প্রজাপতি রিসোর্টে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি বিশেষ দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানে পাচারের শিকার হতে যাওয়া নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনাস্থল থেকে পাচারকারী চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের ভুক্তভোগীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের মো. জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের কাওছার এবং গোবুদিয়া গ্রামের মো. সাগর মিয়া।
সোমবার দিবাগত রাতে উদ্ধারকৃত ভুক্তভোগী খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের উচ্ছেদ এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


