
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে এসে নাটোর রেলস্টেশনে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী। ব্যাগ হারানোর পর থানায় দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন কিরিল। পরে স্টেশনের ওয়েটিং রুমে নিজের ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যান তিনি। যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে ব্যাগ ও অন্যান্য মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তার জিনিসপত্র দেখভালের আশ্বাস দেন বলে জানান তিনি।
কিরিলের ভাষ্য, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে দেখেন, সেখানে তার ব্যাগসহ কোনো মালামাল নেই। ওই রেলওয়ে কর্মকর্তাকেও আর পাওয়া যায়নি। পরে স্টেশনসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।
কিরিল জানান, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্যাগ হারানোর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
আরটিভি/এসকে


