
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাশিপুর ইউনিয়নের মহারাজা পাঁচপীর মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
মোজেফা খাতুন ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৭ বছর অপেক্ষার পর ২০১৮ সালে সরকার তাকে বীরাঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বীরঙ্গনা মোজেফা খাতুন। নানা শারীরিক জটিলতার মধ্যে প্রায় এক মাস আগে তার ক্যানসার ও কিডনি রোগ ধরা পড়ে। তখন থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। মোজেফা খাতুন তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুদ্ধের নির্মমতা সয়েও দীর্ঘ জীবন পাড়ি দেওয়া এই বীরাঙ্গনার প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শোক প্রকাশ করেছেন।
আরটিভি/এমএ



